রবিবার । এপ্রিল ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ এপ্রিল ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার

সংসদের সাউন্ড সিস্টেমের সমস্যার কারণ জানালেন স্পিকার


Speaker Hafiz Uddin

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরুর প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছিল। আজ রবিবারও একই সমস্যা দেখা দেওয়ায় অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করতে বাধ্য হন স্পিকার। পরে অধিবেশন পুনরায় শুরু হলে তিনি সিস্টেম বিকল হওয়ার কারণ ব্যাখ্যা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) জানান, ২০২৪ সালের ৫ আগস্টে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদ ভবনে হামলা চালিয়ে আসবাবপত্র ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ভাঙচুর করেছিল। সেই ক্ষতির প্রভাব এখনো কাটেনি, যার ধারাবাহিকতায় বারবার মাইকের ত্রুটি দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, ২০২২ সালে ‘ফ্যাসিস্ট সরকারের আমলে’ স্থাপিত বর্তমান মাইক সিস্টেমের কোনো ওয়ারেন্টি বা কার্যকারিতার মেয়াদসংক্রান্ত কাগজপত্র পাওয়া যাচ্ছে না। “এত গুরুত্বপূর্ণ কাজ অত্যন্ত হেলাফেলায় করা হয়েছিল,” মন্তব্য করেন তিনি।

স্পিকারের দাবি, মেরামতের জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠান সিস্টেমটি স্থাপন করেছিল, তারা এখন রিপেয়ার কাজে কোনো আগ্রহ দেখাচ্ছে না—বরং যোগাযোগ এড়িয়ে যাচ্ছে। স্থানীয় ঠিকাদারদের অবস্থাও একই—কখনো তারা পলাতক, কখনো দায়সারাভাবে বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন।

তিনি জানান, এই অনিয়ম ও ক্ষতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকারের ভাষায়, “জাতীয় সংসদের মতো রাষ্ট্রের সর্বোচ্চ হাউসে বারবার এমন বিভ্রাট জাতির জন্য লজ্জাজনক। এটি যেন আর না ঘটে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”