
ফাইল ছবি
দেশের প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি এপ্রিল মাসের প্রথম চার দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। রোববার (৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের এপ্রিল মাসের প্রথম চার দিনে প্রবাসী আয় এসেছিল মাত্র ৬ কোটি ৫০ লাখ ডলার। সেই তুলনায় এ বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে অবিশ্বাস্য ৪২৫ দশমিক ৩০ শতাংশ। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ গত ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার। অর্থাৎ অর্থবছরের হিসেবে গত বছরের তুলনায় এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৫০ শতাংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের বর্তমান বিনিময় হারের কারণে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও বেশি উৎসাহিত হচ্ছেন।











































