রবিবার । এপ্রিল ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ এপ্রিল ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
শেয়ার

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬


fire keranigang 2

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে।

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলে ফায়ার সার্ভিসের আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, পাঁচজনের লাশ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

শনিবার বেলা একটার দিকে আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি এলাকার কারখানাটিতে আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল পৌনে পাঁচটার দিকে পুরোপুরি নেভানো হয়। আগুন নিয়ন্ত্রণের পর পাঁচজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়, যাদের মধ্যে তিনজন নারী—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।