
ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা অক্ষুণ্ণ রেখে ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশের অপরাজিত যুবারা। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব নিয়ে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
বিমানবন্দরে পা রাখতেই বাফুফে কর্মকর্তা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রফি জয়ী এই যোদ্ধাদের। তবে আসল চমক অপেক্ষা করছিল বিমানবন্দরের বাইরে। চ্যাম্পিয়নদের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল বর্ণিল সাজে সজ্জিত একটি ছাদখোলা বাস। ফুটবলাররা বাসে চড়ে বসার পরপরই শুরু হয় বিজয় মিছিল।
বিমানবন্দর থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে ভিড় জমান হাজারো ফুটবল প্রেমী। হাতে জাতীয় পতাকা আর বিজয়ের গগনবিদারি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রিয় তারকাদের একনজর দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফুটবলাররাও ট্রফি উঁচিয়ে এবং হাত নেড়ে ভক্তদের অফুরন্ত ভালোবাসার জবাব দেন।

এর আগে বাফুফের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় যে দেশের ফুটবলের এই ঐতিহাসিক সাফল্য কেবল খেলোয়াড়দের নয়, বরং পুরো জাতির। বাফুফে সকল ফুটবল সমর্থক ও সাধারণ জনগণকে এই বিজয় শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানায়। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের সেই রেশ এখন পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, ৩ এপ্রিল মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে শেষ শটে গোল করে দলকে জয় এনে দেন রোনান সুলিভান।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প










































