রবিবার । এপ্রিল ৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ এপ্রিল ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার দুই নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার সোলাইমানির কন্যাদের


Qassem Soleimani

ইরানের নিহত জেনারেল কাসেম সোলাইমানি

ইরানের নিহত শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির দুই কন্যা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আটক দুই ইরানি নারীর সঙ্গে তাঁদের কোনো পারিবারিক সম্পর্ক নেই। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই দুই নারীকে সোলাইমানির ভাতিজি ও নাতনি হিসেবে পরিচয় দিয়েছিল।

ইরানের ফারস নিউজকে দেওয়া বার্তায় সোলাইমানির কন্যা জয়নব বলেন, যুক্তরাষ্ট্রের এই দাবি মিথ্যা। অপর কন্যা নারজেসও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, সোলাইমানির পরিবারের কেউই কখনো যুক্তরাষ্ট্রে বসবাস করেননি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল—হামিদেহ সোলাইমানি আফশার নামে এক নারী ও তাঁর মেয়েকে গ্রিন কার্ড বাতিলের পর হেফাজতে নেওয়া হয়েছে; হামিদেহকে সোলাইমানির ভাতিজি বলা হয়েছিল। তাঁকে ইরান সরকারের সমর্থক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার ঘটনায় উল্লাস প্রকাশের অভিযোগও আনা হয়।

উল্লেখ্য, কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

সূত্র: আল-জাজিরা