সোমবার । এপ্রিল ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বৈশ্বিক অনিশ্চয়তা

সরকারি ব্যয়ে কঠোর কাটছাঁটের নির্দেশ


Govt-vehicle

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্টি বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় সরকার ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কঠোর ব্যয় সংকোচন নীতি ঘোষণা করেছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা পরিপত্রে যানবাহন ক্রয়, বিদেশ ভ্রমণ ও সরকারি কর্মচারীদের গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণসহ একাধিক খাতে ব্যয় সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে জানানো হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ সব সংস্থাকে সংশোধিত বাজেটে নির্দিষ্ট খাতগুলোতে ব্যয় সীমিত রাখতে হবে। মোটরযান, জলযান ও আকাশযান কেনায় বরাদ্দকৃত অর্থ সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপও বন্ধ থাকবে।

সেমিনার ও কনফারেন্স খাতে সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয়ের অনুমতি থাকলেও আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশে সীমাবদ্ধ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও ভ্রমণ খাতে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। নির্ধারিত সীমা অতিক্রম করলে ভবিষ্যতে কোনো বিল গ্রহণ করা হবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

কম্পিউটার ও আইটি সরঞ্জাম, ভবন নির্মাণ এবং অভ্যন্তরীণ শোভাবর্ধন খাতেও ব্যয় সীমিত করা হয়েছে। ভূমি অধিগ্রহণে পরিচালন বাজেট থেকে ব্যয় সম্পূর্ণ বন্ধ থাকলেও উন্নয়ন বাজেটে পূর্বানুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।

পরিপত্রে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর অনিয়ম, দুর্নীতি ও ব্যাংক খাতে সংকট দেশের অর্থনীতিতে চাপ বাড়িয়েছে। এসব বিবেচনায় ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে।