
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে গালফ দেশগুলোর সহযোগিতা চেয়েছে দক্ষিণ কোরিয়া। রোববার (৫ এপ্রিল) শাফাক নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অর্থমন্ত্রী কু ইউন চিওল গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক জরুরি বৈঠকে এই আহ্বান জানান।
বৈঠকে দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী তেল, প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ন্যাপথা ও ইউরিয়ার সরবরাহ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে রাষ্ট্রদূতদের কাছে নিশ্চয়তা চেয়েছেন। এ ছাড়া হরমুজ প্রণালির আশপাশে চলাচলরত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনায় আসে। বর্তমানে এই উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলারে পৌঁছেছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ এপ্রিল) এক ঘোষণায় তিনি ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে অনড় অবস্থানে রয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে হরমুজ প্রণালি বন্ধ রাখার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মোক্ষম জবাব হিসেবে উল্লেখ করেছেন। দুই পক্ষের এমন অনড় অবস্থানে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।








































