সোমবার । এপ্রিল ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শেয়ার

সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটির প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর


Salahuddin-Ahmed

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সংবিধান ‘সংস্কার’ নয়, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয়—এমন মন্তব্য করে সংবিধান সংশোধনের লক্ষ্যে সব দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন বিষয়ক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের মূলনীতি সংবিধানের চতুর্থ তফসিলে সংযোজন করার অঙ্গীকার করা হয়েছে। তবে তিনি পরিষ্কারভাবে বলেন, “৭১-এর স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।”

তিনি আরও অভিযোগ করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে “লেজিসলেটিভ ফ্রড” বা আইনি প্রতারণা করা হয়েছে। হাইকোর্ট ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করলেও বাকি অংশগুলো বাতিল বা সংশোধনের দায়িত্ব বর্তমান সার্বভৌম সংসদের ওপরই বর্তায় বলে তিনি মত দেন। বিশেষ করে সংবিধানের ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে “ভুল ইতিহাস ও চাপিয়ে দেওয়া ঘোষণাপত্র” সংশোধন বা বিলুপ্ত করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে। একইসঙ্গে তিনি জানান, ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ প্রবর্তনের জন্য জনগণের ম্যান্ডেট পাওয়া গেছে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।