
হরমুজ প্রণালি আর কখনো আগের মতো থাকবে না—এবার এমন কঠোর ঘোষণা দিয়েছে ইরানের আইআরজিসি নৌবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, পারস্য উপসাগরের জন্য ইরানের প্রস্তাবিত ‘নতুন ব্যবস্থা’ বাস্তবায়নের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
এই ঘোষণা এসেছে ঠিক কয়েক দিন পর, যখন ইরানের পার্লামেন্টারি কমিটি হরমুজ প্রণালিতে নতুন আইন অনুমোদন করে। সেই খসড়ায় ট্রানজিট ফি আরোপ, শুল্ক ইরানি মুদ্রায় পরিশোধের বাধ্যবাধকতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর ওপর পাল্টা বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। প্রস্তাবটিতে আরও আছে—প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং ওমানের সঙ্গে যৌথ আইনি সহযোগিতার বিষয়গুলো।
এদিকে হরমুজ প্রণালি খুলে দিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুঁশিয়ার করেছেন—চুক্তিতে না এলে দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে’। স্থানীয় সময় রোববার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, তার দেওয়া সময়সীমার মধ্যে ইরান ‘কিছু না করলে’ কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
এর আগে এক্স–এ দেওয়া পোস্টে ট্রাম্প নতুন এক সময়সীমা বেঁধে দেন—“মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!” ট্রাম্পের এই বারবারের হুমকি–আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বহু দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আল–জাজিরা, এবিসি নিউজ





































