
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের বিধ্বংসী রূপ দেখালেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচি কিংসের ব্যাটারদের গতির আগুনে পুড়িয়ে পেশোয়ার জালমিকে ১৫৯ রানের রেকর্ড গড়া জয় এনে দিয়েছেন তিনি। এটি রানের ব্যবধানে পিএসএল ইতিহাসের বৃহত্তম জয়ের রেকর্ড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে করাচিতে নাহিদ রানার বোলিং তোপ আর কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে করাচি কিংস। ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২৪৬ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে পেশোয়ার জালমি। লঙ্কান তারকা কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজমের ১৯১ রানের মহাকাব্যিক জুটি এই বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
মেন্ডিস মাত্র ৫২ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবং বাবর আজম ৫১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে আব্দুল সামাদ মাত্র ১২ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস খেললে করাচির বোলাররা পুরোপুরি দিশাহারা হয়ে পড়েন।

২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে করাচি কিংসের ব্যাটিং লাইনআপ। নিজের কোটার ৪ ওভার বোলিং করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই বাংলাদেশি গতি তারকা।
বিশেষ করে তার করা একটি উইকেট-মেডেন ওভারে খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পাকে সাজঘরে ফেরান তিনি। নাহিদ রানার এমন কিপটে ও কার্যকর বোলিংয়ে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংস।
নাহিদের পাশাপাশি পেশোয়ারের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম, তিনি এক উইকেট শিকার করেন। এছাড়া ইফতিখার আহমেদ ও স্পিনার সুফিয়ান মুকিম প্রত্যেকেই ৩টি করে উইকেট নিয়ে করাচির ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রাখেন।
অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ালেন নাহিদ রানা। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল পেশোয়ার জালমি।










































