শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার

এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ: হাসনাতকে স্পিকার


speaker-hasnat

ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদ অধিবেশনে ধৈর্যশীল ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহ উত্তেজিত হয়ে পড়লে স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট (এটা শাহবাগ মোড় নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

অসহিষ্ণু আচরণ না করার পরামর্শ দিয়ে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। এখানে মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। কোনো দাবি বা বক্তব্য থাকলে বিধি অনুযায়ী নোটিশ দেবেন।’

অধিবেশন চলাকালে স্পিকার আরও বলেন, আইনমন্ত্রীর বক্তব্য পুনর্বিবেচনা করা যেতে পারে। প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।’

সংসদের মর্যাদা ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। আমরা সবাই নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। এই সংসদে এবার বেশ বড় একটি বিরোধী দল এসেছে। তাই সংসদীয় রীতি মেনে সবাইকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে।’