শনিবার । এপ্রিল ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
শেয়ার

ইসলামাবাদে চলমান আলোচনা

বিদেশে জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত যুক্তরাষ্ট্র


USA gave permission to Iran to increase Uranium storage-01

ফাইল ছবি

কাতার ও বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে চলমান আলোচনায় ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এটিকে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত’ হিসেবে স্বাগত জানিয়েছে তেহরান।

শনিবার (১১ এপ্রিল) ইরানের একটি ঊর্ধ্বতন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র রয়টার্সকে জানায়, এই সম্পদ ছাড়ের বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে যুক্ত, যা আলোচনার একটি প্রধান ইস্যু হতে যাচ্ছে।

এই সম্পদের মোট পরিমাণ সম্পর্কে প্রথম সূত্রটি কিছু জানায়নি।

তবে আরেকটি ইরানি সূত্র দাবি করেছে, কাতারে রাখা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।