শনিবার । এপ্রিল ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
শেয়ার

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা


Khalilur-Jayshankar

সংগৃহীত ছবি

সাম্প্রতিক ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলন শেষে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর “অবশ্যই হবে”, তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। সফর সফল করতে আগামী কয়েক সপ্তাহে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ইতোমধ্যে চিঠি বিনিময় ও টেলিফোনে কথা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয় দেশই আন্তরিকভাবে আগ্রহী।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল দিল্লি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পৃথক বৈঠক করেন।