রবিবার । এপ্রিল ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

সিলেটে প্রবাসীদের জন্য আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ


ariful-haque

ছবি: সংগৃহীত

সিলেটে প্রবাসীদের সেবা সহজ ও এককেন্দ্রিক করার লক্ষ্যে একটি আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এই ভবনটি চালু হলে প্রবাসীরা একই ছাদের নিচে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সব ধরণের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে প্রবাসীদের নানা প্রয়োজনে বিভিন্ন দপ্তরে ছুটতে হয়। এই ভোগান্তি কমাতে এবং সেবা কার্যক্রমকে আধুনিকায়ন করতে ‘প্রবাসী ভবন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে পাসপোর্ট, এনআইডি সংশোধন, রেমিট্যান্স সংক্রান্ত জটিলতা বা আইনি সহায়তার মতো বিষয়গুলো প্রবাসীরা এক জায়গা থেকেই সমাধান করতে পারবেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী সরাসরি সিলেটের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন।” ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং রেলপথ আধুনিকায়নসহ বড় অবকাঠামো প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে নগরীতে ছিনতাই ও রাহাজানি বন্ধে সংশ্লিষ্টদের এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি এবং প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী একটি ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানো পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সরকার বিশ্বের আরও একাধিক দেশে নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।