শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার

দেশে ফিরলেন সৌদি আরবে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী


omrah-pessenger

ছবি: সংগৃহীত

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তারা নিরাপদে বাংলাদেশে পৌঁছান। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা ‘মাস্ক হজ গ্রুপ’ নামক একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গত ২৪ মার্চ ওমরাহ করতে সৌদি আরব গিয়েছিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা থাকলেও, সংশ্লিষ্ট এজেন্সি তাদের কোনো রিটার্ন টিকিট প্রদান করেনি। ফলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে এবং গত ১৮ এপ্রিল তাদের ওমরাহ ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

জেদ্দায় বাংলাদেশ হজ অফিস থেকে বিষয়টি জানানো হলে ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল ভুক্তভোগীদের হোটেলে গিয়ে সরাসরি দেখা করেন।

প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের দেশে ফেরার টিকিট নিশ্চিত করতে বাধ্য করে। এই প্রক্রিয়ায় কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা এবং হজ কাউন্সিলর মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে যাত্রীরা যাতে সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশনে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য আগেভাগেই সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছিল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগেও একই এজেন্সির মাধ্যমে যাওয়া ওমরাহ যাত্রীরা একই ধরনের বিড়ম্বনায় পড়েছিলেন। পরে ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে এজেন্সির মালিক তাদের দেশে ফিরিয়ে আনেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।