শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে: আইনমন্ত্রী


Law-Minister-Asaduzzaman

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি জানান, বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী তা সংশোধন করে বাস্তবায়ন করবে।

শুক্রবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশে স্বাধীন বিচারব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। বিগত সরকারের সময়ে আদালত রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারেনি এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং জুলাই সনদ আইন যথাযথ যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপন করা হবে। এসব আইনের ক্ষেত্রে পর্যালোচনা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো অনিয়ম বা বিতর্কের সুযোগ না থাকে।

মন্ত্রী আরও বলেন, সরকার একটি স্বচ্ছ ও নৈতিক বিচারব্যবস্থা গড়ে তুলতে চায় এবং ‘ইন্টেলেকচুয়াল দুর্নীতির’ পথ বন্ধে কাজ করছে।

দেশে বিভক্তির রাজনীতির চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ৭১ ও ২৪ নিয়ে কোনো বিভাজন চায় না সরকার। সবাইকে বিভক্তির রাজনীতি ছেড়ে বাংলাদেশি চেতনায় বিশ্বাসী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দাবি করেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী যশোর কোর্টের ঐতিহ্য ফিরিয়ে আনা, বিচার বিভাগের বরাদ্দ বাড়ানো এবং বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের মৃত্যুর পর আর্থিক সহায়তা বৃদ্ধির আশ্বাসও দেন।