শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ এপ্রিল ২০২৬, ২:০৯ অপরাহ্ন
শেয়ার

এসডিজি অর্থায়ন ঘাটতি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ চায় বাংলাদেশ


salahuddin-Noman

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। সংগৃহীত ছবি

বৈশ্বিক এসডিজি অর্থায়ন ঘাটতি দূর করা এবং ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফোরাম ২০২৬-এর সাধারণ বিতর্কে এ আহ্বান জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক সংঘাত, উন্নয়ন সহায়তা হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, বাণিজ্য প্রতিবন্ধকতা এবং জ্বালানি খাতের অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলোর নীতিগত সক্ষমতা সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতিতে টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

সালাহউদ্দিন নোমান চৌধুরী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সাম্প্রতিক অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, ব্যবসায়িক আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকিং খাত শক্তিশালী করা, বিনিয়োগ বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ঋণের ব্যয় কমানো, অকার্যকর অবকাঠামো ঋণ পরিহার এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে উৎপাদনশীল ও কর্মসংস্থানমুখী খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি অধিক প্রতিনিধিত্বশীল বৈশ্বিক আর্থিক কাঠামো, জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ এবং পাচার হওয়া সম্পদ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করে বাংলাদেশ।