শুক্রবার । এপ্রিল ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ এপ্রিল ২০২৬, ৪:১২ অপরাহ্ন
শেয়ার

বৈশ্বিক খাদ্য সংকটে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ, প্রধান কারণ সংঘাত


Food-Crisis

সংগৃহীত ছবি

বিশ্বে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে এবারও সংঘাতকে চিহ্নিত করা হয়েছে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশে বসবাস করে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। চলতি বছরও এসব দেশে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম।

শুক্রবার প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন মানবিক সহায়তা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংঘাত, চরম আবহাওয়া এবং অর্থনৈতিক চাপের কারণে অনেক দেশে খাদ্য সংকট অব্যাহত থাকবে, কোথাও কোথাও তা আরও তীব্র হতে পারে। তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা ১০টি দেশ হলো— আফগানিস্তান, বাংলাদেশ, কঙ্গো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আফগানিস্তান, কঙ্গো, মিয়ানমার ও জিম্বাবুয়েতে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে।

প্রতিবেদনটি আন্তর্জাতিক সহায়তা দ্রুত কমে যাওয়ার বিষয়েও সতর্ক করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বৈশ্বিক খাদ্য সংকটকে আরও গভীর করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, পাশাপাশি কৃষি মৌসুমে সার উৎপাদনের খরচও বৃদ্ধি পাচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও বলেন, রোপণ মৌসুমে জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি খাদ্য উৎপাদনে বড় প্রভাব ফেলবে। তিনি ক্ষুদ্র কৃষকদের সহায়তা বাড়ানো, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল ফসলে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে সার উৎপাদন ও মাটির গুণগত মান উন্নয়নে গুরুত্ব দিলে আমদানিনির্ভরতা কমবে।