
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনার জায়গা, সেখানে দলীয়করণের কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন একটি স্থিতিশীল, সংবেদনশীল ও সহনশীল রাজনীতির পথে এগোচ্ছে। এ পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো বিশ্বের অনেক দেশই একই সংকটের মুখে রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী ভারতসহ পশ্চিমা দেশগুলোতে অনেক আগেই বেশি হারে দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে অনেক দেরিতে এবং সামান্য পরিমাণে দাম সমন্বয় করেছে।
তিনি আরও বলেন, অনেক দেশে পরিস্থিতি সামাল দিতে কারফিউ পর্যন্ত জারি করতে হয়েছে, কিন্তু বাংলাদেশ সে অবস্থায় যায়নি। সরকারের ব্যবস্থাপনা দক্ষতার কারণেই বড় ধরনের সংকট তৈরি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে আমির খসরু বলেন, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সব সমাজেই থাকে, তাদের কোনো দল নেই। এসব ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করবে, দলীয় প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।






































