
সংগৃহীত ছবি
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।
তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি তুলে ধরে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য চলমান অর্থায়ন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন।
সফরের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।










































