মাংসের কিমা দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পরোটা। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে চমৎকার একটি পদ। চিকেন কিংবা বিফ- যেকোনো কিমা দিয়েই তৈরি করতে পারবেন এই পরোটা। চলুন জেনে নেয়া যাক-
উপকরণ:
চিকেন/বিফ কিমা
ঘি
আদাবাটা
আটা
লেবুর রস
দুধ
গোলমরিচ গুঁড়া
কাঁচামরিচ কুঁচি
পেঁয়াজ কুঁচি
লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি: প্রথমে একটি পাত্রে পরিমাণমতো আটা, দুধ, লবণ ও পানি দিয়ে ভালোভাবে ময়ান তৈরি করে রাখুন। তারপর ঘণ্টা খানেক পরিমাণমতো তেল দিয়ে মেখে রাখুন। এরপর কিমা ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও লেবুর রস দিয়ে ১-২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। চুলায় হাঁড়ি চাপিয়ে পরিমাণমতো তেলে কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে কিমা ভাজতে থাকুন।
কিমা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার ময়ান করা আটা দিয়ে লেচি কেটে রুটি গড়ে নিন। তারপর রুটির ওপর কিমার পুর ছড়িয়ে আরেকখানা রুটি চাপিয়ে হালকা বেলে পরোটা তৈরি করুন। এরপর ঘি দিয়ে পরোটা এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন।












































