বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশকে আসিয়ান সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন তিনি।
রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সহসভাপতি ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সাথে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “বাংলাদেশে এখনো বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, যেখানে এশিয়ার অনেক দেশে বয়স বৃদ্ধির হার দ্রুত। আমাদের অর্ধেক জনগণ ২৭ বছরের নিচে। আপনারা এখানে শিল্প স্থাপন করুন, রপ্তানি করুন— এতে উভয় দেশেরই লাভ হবে।”
আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে ২০২০ সালে করা বাংলাদেশের আবেদনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই। আশা করি, মালয়েশিয়া বাংলাদেশের পক্ষে অগ্রণী ভূমিকা রাখবে।”
সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান। জবাবে ইউনূস বলেন, “এটি আমাদের দেশের জন্য একটি মর্মান্তিক ঘটনা। আমরা অনেককে হারিয়েছি।”
প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহসভাপতি পদে মনোনয়ন পাওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আপনাকে অভিনন্দন জানাই। আপনি আপনার রাজনৈতিক দলে সহসভাপতি হয়েছেন।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা সরকার উৎখাত হয়েছে। ‘জুলাই বিদ্রোহ’-এর চেতনায় রাস্তাঘাট ও দেয়াল রাঙিয়ে দিয়েছে ছাত্রসমাজ।”
এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।




































