বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট জাতীয় ২৮ জুলাই ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
শেয়ার

চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ বাংলাদেশি জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, “চাঁদাবাজ যেই হোক, যতই ক্ষমতাধর হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

চাঁদাবাজি নিয়ে কোনো বৈঠক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনারা কি গুলশানে চাঁদাবাজদের ধরা হচ্ছে না, বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না। যেই হোক না কেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না—সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালীই হোক।

কিছু লোক ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজিতে জড়িত—এমন অভিযোগে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, “আমি তো বলেছি, কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয়ই দিক না কেন, আইনের বাইরে কেউ যেতে পারবে না।”

সামনে জাতীয় নির্বাচন। এ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, আগস্ট থেকেই ধাপে ধাপে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থানও একই রকম কঠোর বলে জানান মো. জাহাঙ্গীর আলম। বলেন, মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সবার সহযোগিতা নিয়ে দেশকে মাদকমুক্ত করতে চাই।