বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
শেয়ার

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের


Yunus-Wakar

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান উপদেষ্টা বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

ড. ইউনূস বলেন, “আমি জাতির কাছে এমন একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি, যা ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা, আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশে দৃষ্টান্ত স্থাপন করবে।”

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি জনগণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।