বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

৪৪৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় পুতুলসহ আসা‌মি ৩৫


Saima wajed Putulনামসর্বস্ব প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের নামে ৪৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১ সেপ্টেম্বর) দুদক অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে মামলার অনুমোদন দেয়। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে মামলাটি দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, মামলার আসামিদের মধ্যে আছেন সূচনা ফাউন্ডেশনের ১০ জন ট্রাস্টি, ৮ জন ব্যবসায়ী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যানসহ ১৬ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ীরা অনুদান দিয়ে অবৈধ সুবিধা নিয়েছেন, আর এনবিআরের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে ফাউন্ডেশনকে কর ছাড় দিয়েছেন। এতে শত কোটি টাকা কর ফাঁকি ও আত্মসাৎ হয়েছে।

দুদক জানায়, আসামিরা কাগুজে প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের নামে এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন নেন। পরে ফাউন্ডেশনের নামে নানা কৌশলে কর অব্যাহতি নিয়ে প্রায় ৪৪৮ কোটি টাকা আত্মসাৎ করেন। একই সঙ্গে ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত প্রাপ্য প্রায় এক কোটি টাকা করও জমা দেননি।

এ ছাড়া ফাউন্ডেশনের নামে খোলা ১৪টি ব্যাংক হিসাবে ৯৩০ কোটিরও বেশি টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে বলে দুদক জানিয়েছে।

এর আগে গত বছর আগস্টে ফাউন্ডেশনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরের নভেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাব জব্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এনবিআর কর অব্যাহতি সুবিধা বাতিল করে এবং জানুয়ারিতে দুদকের অভিযানে প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন ঘোষণা করা হয়।