
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে। এর অর্ধেক সরাসরি এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করে দিচ্ছে। এতে নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হলো।”
নির্বাচন ঘিরে এই নিয়োগ কি না- এমন প্রশ্নে বাহারুল আলম বলেন, “অবশ্যই। প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্স নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নই চলছে।”
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, “আজ আইজিপি ও পুলিশের একটি প্রতিনিধিদল এসেছিলেন। পুলিশ রেগুলেশনের কয়েকটি ধারা সংশোধনের মাধ্যমে এএসআইসহ অন্যান্য নিয়োগ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে। এতে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে।”


































