জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারানো এনআইডি তুলতে জিডির বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। এছাড়া এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও আমাদের পরিকল্পনা আছে।
জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।



































