
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের উপস্থিতিতেই এক সাংবাদিকের ওপর আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে।
সেদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আসার পর নিয়ম অনুযায়ী সাংবাদিক ও আইনজীবী ছাড়া অন্য সবাইকে এজলাস কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তবে এ সময় কিছু আইনজীবী সাংবাদিকদেরও কক্ষ থেকে বের হতে বলেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন আইনজীবী আদালতের ভেতর কাউকে ঘিরে হট্টগোল করছেন এবং বারবার বের হয়ে যেতে বলছেন। এ সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না। ভিডিওতে শোনা যায়- কেউ একজন বলছেন, “সাংবাদিককে মাইরেন না।”
সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম জানান, সাংবাদিক পান্নার জামিন শুনানির খবর সংগ্রহের জন্য তিনি সেখানে ছিলেন। কিন্তু কয়েকজন আইনজীবী তাকে কক্ষ থেকে বের করতে গেলে তিনি নিজের পরিচয় দেন। তখনই হঠাৎ কয়েকজন তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, “দূর থেকে একজন এসে আমার বাম গালে ঘুষি মারে। আমি হাতে থাকা মাইক্রোফোন তুলে বিচারকের দিকে এগোতে চাইলে বিচারকের সামনেই চারদিক থেকে আমাকে মারধর করা হয়। এ সময় বিচারক উঠে কোর্ট থেকে বের হয়ে যান।”
ঘটনাস্থলে থাকা রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন জানান, জামিন শুনানির আগে হঠাৎই হট্টগোল শুরু হয়। তিনি বলেন, “একজনকে মারধর করতে দেখে আমি তাকে বাঁচানোর চেষ্টা করি। আসলে কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।”



































