
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জুলাই আন্দোলনের সময় চোখ হারানো খান জসিম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের এই প্রার্থী ৯ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এর আগে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হন।
ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী লড়াই করেছিলেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচনে প্রায় ৮০ শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে।





































