
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর থেকে সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত থাকবেন। জনস্বার্থে জারি এ আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
এদিন হাইকোর্ট থেকে জামিন পেলেও কাগজপত্র কারাগারে না পৌঁছায় তিনি এখনও বন্দি আছেন।
এর আগে ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চে জেলা প্রশাসনের একটি পুকুর নিজের নামে নামকরণ করেন ডিসি সুলতানা। এ নিয়ে সংবাদ প্রকাশ ও অনিয়মের অনুসন্ধান চালান সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এই ঘটনার জেরে ওই বছরের ১৩ মার্চ রাতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চোখ বেঁধে তুলে এনে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নির্যাতন চালানো হয়। এ সময় আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাও জড়িত ছিলেন।
পরে আরিফুলের বিরুদ্ধে মদ ও গাঁজা রাখার অভিযোগ এনে রাতেই ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
কারামুক্ত হয়ে আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। পাঁচ বছর ধরে চলা মামলায় এবার সেই দায়ের মুখোমুখি হয়ে বরখাস্ত হলেন সাবেক ডিসি সুলতানা পারভীন।





































