বুধবার । মার্চ ২৫, ২০২৬
স্পোর্টস ডেস্ক জাতীয় ১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার

অবশেষে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরল বাংলাদেশ দল


bangladesh-football-team

কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে নামার পর বাংলাদেশের ফুটবলাররা।

অনেক শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খেলোয়াড়দের বহন করা বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ ফ্লাইটের নিশ্চয়তা পাওয়ার পরই বাংলাদেশ দলের ফুটবলার, কোচ, কর্মকর্তা ও খেলা কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা সকাল ৯টার মধ্যে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টার মধ্যে তারা সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন জামাল ভূঁইয়ারা।

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল নেপালে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ। তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।

রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশ দলের সদস্যরা টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের উত্তপ্ত সময়ে টিম হোটেলে হামলার চেষ্টাও হয়েছিল। তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয় যে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি অবস্থান করছেন না।