
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, এ পর্যন্ত ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি চারটি কেন্দ্রের গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।
তিনি বলেন, “দুটি টেবিলে কর্মকর্তারা ভোট গণনা করছেন। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল-সমর্থিত প্যানেল অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে অন্তত আরও চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে ভোট থেকে সরে দাঁড়ান।
৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ থাকলেও ভোট পরবর্তী অনিয়ম ও বর্জনের কারণে ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চূড়ান্ত ফলাফলের দিকে এখন তাকিয়ে আছেন শিক্ষার্থীরা।





































