
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানাই।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, সুশীলা কার্কির প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে এই দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আরও বলেন, একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও তার দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
সম্প্রতি নেপালের রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ইউনূস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
বার্তায় তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শেষে তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।





































