বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

বারবার অনুরোধের পর ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে সরকার: মৎস্য উপদেষ্টা


Farida-Akter
বারবার অনুরোধের পর প্রতিবেশী দেশ ভারতে এবার ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তবে তিনি স্পষ্ট করেছেন, দেশের মানুষের প্রয়োজন মিটিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ফরিদা আখতার বলেন, “দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর অন্য চিন্তা। এর আগেও একই কথা বলেছিলাম। দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের জন্য ইলিশ পাঠাতে হয়েছে। তবে এবার চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে, দামও বাড়িয়ে রাখা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।