মঙ্গলবার । জুন ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৩০ অক্টোবর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া


malaysia-worker

ছবি: সংগৃহীত

সাজার মেয়াদ শেষ হওয়ার পর আটক ৬০ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত পাঠানো এই ৬০ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারী। তারা সবাই কেদাহ রাজ্যের বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল, লাওস, স্পেন, হংকং ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫(১)(সি) ও ৬(১)(সি), এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর অধীনে তারা বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। অপরাধগুলোর মধ্যে বৈধ পাসপোর্ট বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা উল্লেখযোগ্য।

নিজ নিজ সাজা ভোগের পরই তাদের দেশে ফেরত পাঠানো হয়। এই প্রত্যাবাসন কার্যক্রমের নেতৃত্ব দেন টিপিপিআই নূর ইশাক বিন হামজাহ, যার সঙ্গে ছিলেন আরও আটজন কর্মকর্তা।

কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে এই ধরনের অভিযান ও প্রত্যাবাসন কার্যক্রম তাদের নিয়মিত তৎপরতার অংশ।