বুধবার । মার্চ ৪, ২০২৬
বিনোদন ডেস্ক প্রবাস ২৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা প্রকাশ


malaysia

ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে মালয়েশিয়া সরকার। নতুন এই নীতিমালায় স্টুডেন্ট ভিসা (পাস) ইস্যুর প্রক্রিয়া এবং শর্তাবলীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী স্টুডেন্ট পাসকে (পড়াশোনা করার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের দেয়া আনুষ্ঠানিক পারমিট বা ভিসা) দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে:

১. স্কুল ক্যাটাগরি: ৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা নার্সারি থেকে শুরু করে পোস্ট-সেকেন্ডারি পর্যায়ে পড়ার সুযোগ পাবেন।

২. উচ্চশিক্ষা ক্যাটাগরি: এই ক্যাটাগরিতে সার্টিফিকেট, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের প্রধান শর্তাবলী

পাসপোর্টের মেয়াদ: আবেদনের সময় পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১৮ মাস থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: অবশ্যই ‘এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস’ (EMGS) সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।

অবস্থান: আবেদনকারীকে মালয়েশিয়ার বাইরে থেকে আবেদন করতে হবে। ভিসা অ্যাপ্রুভাল লেটার ও ই-ভিসা পাওয়ার পরই দেশটিতে প্রবেশ করা যাবে।

স্বাস্থ্য পরীক্ষা: মালয়েশিয়ায় পৌঁছানোর পর নির্ধারিত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা বাধ্যতামূলক।

ভিসা ফি ও মেয়াদ

বার্ষিক স্টুডেন্ট পাস ফি ৬০ রিঙ্গিত এবং অভিভাবক বা ডিপেনডেন্ট পাস ফি ৯০ রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। সাধারণত স্টুডেন্ট পাসের মেয়াদ ১২ মাস হলেও বিশেষ ক্ষেত্রে ২৪ বা ৩৬ মাসের পাস ইস্যু করার সুযোগ রাখা হয়েছে।

পরিবার সাথে রাখা ও পার্ট-টাইম কাজ

নতুন নীতিমালায় স্কুল শিক্ষার্থীদের সাথে বাবা-মা বা ছোট ভাই-বোন থাকার অনুমতি দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্ত্রী/স্বামী, সন্তান এবং বাবা-মা বা শ্বশুর-শাশুড়িকে ডিপেনডেন্ট হিসেবে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়া শিক্ষার্থীরা সেমিস্টার বিরতি বা সরকারি ছুটিতে রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, মিনি মার্কেট ও হোটেলে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করতে পারবেন।

পড়াশোনা শেষে কর্মসংস্থান

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্মসংস্থানের সুযোগে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে নিজ দেশে না ফিরে সরাসরি ‘এমপ্লয়মেন্ট পাস’ (ক্যাটাগরি-১ ও ২) সংগ্রহ করে মালয়েশিয়াতেই চাকরিতে যোগ দিতে পারবেন। এছাড়া নির্দিষ্ট ৩২টি দেশের শিক্ষার্থীদের জন্য এক বছরের ‘গ্র্যাজুয়েট পাস’ চালু করা হলেও বাংলাদেশ এখনো সেই তালিকার অন্তর্ভুক্ত হয়নি।