
এক ঐতিহাসিক শোকাতুর আবহে চিরবিদায় নিলেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে। তাঁর এই মহাপ্রয়াণে শ্রদ্ধা জানিয়ে আজ ঢাকার ব্রিটিশ হাইকমিশনে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এক বার্তায় হাইকমিশন জানায়, বেগম জিয়ার মৃত্যুতে বাংলাদেশের মানুষের শোকের সঙ্গে যুক্তরাজ্যও অংশীদার এবং তাঁদের সমবেদনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি।
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকারসহ দেশ-বিদেশের অসংখ্য গুণীজন এবং লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজা শেষে বিশেষ সামরিক যানে করে তাঁর মরদেহ জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয় এবং যাবতীয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বেগম জিয়াকে অসুস্থ্যতার কারনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার এই বিশেষ সম্মাননা বেগম জিয়ার রাজনৈতিক আপসহীনতা ও বৈশ্বিক গুরুত্বকেই পুনরায় প্রমাণ করল।










































