
ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২৬ জনকে আটক করেছে।
মোবাইল ফোন ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ন্যাশনাল ইলেকট্রনিক আইটেম রেজিস্ট্রেশন (এনইআইআর) কার্যক্রমের কারণে অবিক্রীত ও স্টকে থাকা ফোন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ায় তারা এ পদক্ষেপে নামেন।
আন্দোলন দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৩টার দিকে তারা ভবনের করিডোরের গ্লাস ভাঙা এবং ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত করে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাব বিকেল ৬টার দিকে ঘটনাস্থলে মোতায়েন হয় এবং ভাঙচুরকারীদের মধ্যে ২৬ জনকে আটক করে। এ ঘটনায় কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি।
এমন পরিস্থিতিতে, মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত বা স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। বুধবার সেই সময়সীমা শেষ হওয়ার পরই আন্দোলন ও ভাঙচুরের ঘটনা ঘটে।










































