
ফাইল ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট প্রায় ৬৭ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি। মাদরাসা পর্যায়ে রয়েছে ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৩৩টি শূন্য পদ।
আগ্রহী ও যোগ্য শিক্ষক নিবন্ধন সনদধারী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ফরম পূরণ ও ফি জমা দিতে হবে।
আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। পাশাপাশি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে তিন বছর কার্যকর থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা সমপদে আবেদন করতে পারবেন না।
পদভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা, আবেদন পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলী এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://ngi.teletalk.com.bd
) থেকে জানা যাবে।











































