
ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে প্লে-অফ নিশ্চিত করার পর আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে সিলেট টাইটানস। শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সিলেটের নীল জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে ৩৬ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বিশ্বকাপ জেতার বিরল কীর্তি রয়েছে ক্রিস ওকসের। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সমান পারদর্শী এই তারকা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে একজন নিয়মিত মুখ। আইপিএল, বিগ ব্যাশ এবং আইএলটি-টুয়েন্টির মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই সিলেট টাইটানসের বোলিং ও ব্যাটিং ইউনিটে বাড়তি গভীরতা যোগ করবে।
দলে আগে থেকেই আছেন আরেক ইংলিশ তারকা মঈন আলী। এছাড়াও বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস এবং সালমান ইরশাদের মতো পারফর্মাররা। ওকসের অন্তর্ভুক্তি সিলেটের ‘বিদেশি কোটা’কে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বিভাগে পরিণত করল।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে সিলেট টাইটানস। ঘরের মাঠে সিলেট পর্বেই তারা প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। নিজেদের সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে দলটি। পয়েন্ট তালিকায় বর্তমানে ৯ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে টাইটানস।
টুর্নামেন্টে সিলেটের পাশাপাশি এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে দুই পরাশক্তি রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস।
প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াই শুরু হওয়ার আগেই ওকসের মতো বড় তারকার অন্তর্ভুক্তি সিলেটের সমর্থকদের মনে শিরোপার আশা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ওকস-মঈন জুটির হাত ধরে মিরাজের সিলেট এবার শেষ পর্যন্ত হাসতে পারে কি না।















































