মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৫ জানুয়ারি ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় সোনার দাম, ভরি ২৩৪৬৮০ টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ২ হাজার ৬২৫ টাকা। ফলে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৩ জানুয়ারি ভালো মানের ভরিপ্রতি সোনার দাম বাড়ানো হয় ৪ হাজার ১৯৯ টাকা এবং তারও আগে ১১ জানুয়ারি বাড়ানো হয় ১ হাজার ৫০ টাকা। ফলে মাত্র তিন দফায় এক ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে মোট ৭ হাজার ৮৭৪ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার দামে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৩ হাজার ৬৭৪ টাকায়।