
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও দশজন।
আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে তিনজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। সকাল ৭টা ৫৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।












































