
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার পর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এই সভায় পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও ছোট ছেলে কোকোর স্ত্রী শামিলা রহমানসহ অন্যান্য পরিবারের সদস্যরা শোকসভায় অংশগ্রহণ করেছেন।
শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না; তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য প্রদান করবেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা শোকসভা ঘিরে দায়িত্বে রয়েছেন। এছাড়া সভার শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খালেদা জিয়া ৩০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এবং পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে জিয়া উদ্যানে দাফন করা হয়।















































