
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, জন্মবার্ষিকীর মূল দিন ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এ আয়োজনে দলের চেয়ারম্যানকেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।
এদিন জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি মেডিকেল ক্যাম্পসহ আলাদা কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।
দুই দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট নাগরিক ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।
রিজভী আরও বলেন, ১৯ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।
এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং একই দিনে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।








































