বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ জানুয়ারি ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইসির অডিটোরিয়ামে মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা


Hasnat-Mintu

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। এ ঘটনায় নির্বাচন ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন আধাঘণ্টার জন্য শুনানি মুলতবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করলে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য উপস্থিত থাকা এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানান। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল তাকে কমিশন এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ করেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। তিনি ইসির কাছে এ বিষয়ে রুলিং দাবি করেন।

পরে গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক এলিটিসিজম দেখিয়ে সাধারণ মানুষকে অপমান করে আবার তাদের কাছেই ভোট চাওয়া গ্রহণযোগ্য নয়। তিনি আরও অভিযোগ করেন, ইসির সামনে এমন আচরণ অন্য প্রার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে।

এ ঘটনায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে নিরাপত্তা ও আচরণবিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।