বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যা বললেন রুমিন ফারহানা


rumin-farhana

ভিডিও থেকে নেওয়া ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচারণায় দায়িত্বরত এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি না করার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইসলামাবাদ এলাকায় এক মতবিনিময় সভায় এই নাটকীয় ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় গ্রামবাসী রুমিন ফারহানার সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে কোনো ব্যানার বা মাইক ব্যবহার করা না হলেও, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন। তিনি রুমিন ফারহানাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দিলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মঞ্চ থেকে নামার সময় রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে উচ্চস্বরে বলেন, “এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ (আপনাকে শেষবারের মতো সতর্ক করছি)।”

তিনি আরও বলেন, “প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আপনাদেরকে এভাবে (বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে) মানুষ বুড়ো আঙুল দেখায়, কিছু বলতে পারেন না। আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে আর এমন শুনব না।” সমর্থকদের শান্ত থাকতে বলে তিনি ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমি না বললে এখান থেকে আপনি বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না।”

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করতে বলা হয়েছিল। এতে প্রার্থী উত্তেজিত হয়ে পড়েন। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আবুবকর সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী এই জরিমানা কার্যকর করা হয়েছে।

ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘আমি আশা করব প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। কারো পক্ষ নিয়ে কাজ করবে না।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু স্থিরচিত্র সাংবাদিকদের দেখিয়ে অভিযোগ করেন যে, অন্যদের ক্ষেত্রে প্রশাসন নীরব থাকলেও তার বেলায় অতি-উৎসাহী ভূমিকা পালন করছে।

ভিডিও দেখুন