বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত


Jamate islami

ফাইল ছবি

আসন বণ্টন নিয়ে মতবিরোধের জেরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও, জামায়াতে ইসলামি জানিয়েছে- জোটের দরজা এখনও খোলা রয়েছে।

শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, “সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে।”

এর আগে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতানৈক্যের কারণে ইসলামী আন্দোলন জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। শুক্রবার জামায়াত, এনসিপিসহ ১০ দল ২৫০ আসনে সমঝোতার ঘোষণা দেয়, যেখানে ইসলামী আন্দোলনের জন্য পাঁচটি উন্মুক্তসহ ৫০টি আসন রাখা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন ৪৫ আসনে সমঝোতায় রাজি না হওয়ায় জোট থেকে সরে দাঁড়ায়।

ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর ৩০ আসন পাওয়া এনসিপি ও ২০ আসন পাওয়া বাংলাদেশ খেলাফতও কিছু আসনে নতুন করে দাবি তুলেছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসন বণ্টনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, নির্বাহী পরিষদের বৈঠকে দলীয় ইশতেহার চূড়ান্তকরণ, রাষ্ট্র পরিচালনার নীতিমালা এবং নির্বাচনী প্রচারের সূচি নিয়ে আলোচনা চলছে। এসব নীতিমালা চূড়ান্ত হলে তা ইশতেহারে যুক্ত করে জাতির সামনে উপস্থাপন করা হবে এবং দলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।