
জোট নিয়ে সন্তুষ্ট থাকলেও দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তিতে পড়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এখনো প্রায় ৫০টি আসনে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।
বিএনপি সূত্র জানায়, ৫২টি আসনে দলের ৯১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের সঙ্গে যোগাযোগ করে মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানানো হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিদ্রোহীদের দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। অনেকেই ইতোমধ্যে প্রত্যাহার করেছেন, আরও অনেকে করবেন বলে আশ্বাস দিয়েছেন। সময়সীমার মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, নাটোর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, চাঁদপুর, রাজবাড়ী, মাদারীপুর, নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন আসনে দল-মনোনীত প্রার্থীর বিপরীতে প্রভাবশালী স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। এতে কয়েকটি আসনে বিএনপির প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ বাড়ছে বলে দলীয় নেতারা মনে করছেন।
বিশেষ করে ময়মনসিংহের ৭টি আসনে বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপি বিপাকে পড়েছে, যা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য সুযোগ তৈরি করতে পারে।
বিএনপি নেতৃত্ব আশা করছে, শেষ মুহূর্তে আরও অনেক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এবং এই সংখ্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।









































