রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শেয়ার

তিন দাবিতে নির্বাচন কমিশনে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি


পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেতা–কর্মীরা জড়ো হয়ে ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে সেখানে অবস্থান করতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, পোস্টাল ব্যালটসহ নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতা–কর্মীরা। তাদের দাবি, ব্যালটে ধানের শীষ প্রতীক এমন জায়গায় রাখা হয়েছে, সেটা পক্ষপাতিত্ব করা হয়েছে।

এরআগে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শীর্ষ নেতারা অবস্থান নেন। আশপাশেও অবস্থান নিয়েছেন নেতা–কর্মীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। ছাত্রদলের নেতা–কর্মীরা বলছেন, কর্মসূচি চলতে থাকবে। আশ্বাস পেলে সরে যাবেন।

ছাত্রদলের কর্মসূচি ঘিরে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংগঠনটির অভিযোগ- পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

ভিডিও