
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির আরো দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীর।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি নির্বাচনী হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের তথ্য উল্লেখ করেননি বলে অভিযোগ রয়েছে। আপিল শুনানিতে তিনি অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। এ অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন নির্বাচন কমিশনে আপিল করেন। যাচাই-বাছাই শেষে সারোয়ার আলমগীর ঋণখেলাপি প্রমাণিত হওয়ায় জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি। ফলে তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়।
উল্লেখ্য, এর আগে শনিবার (১৭ জানুয়ারি) ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও বাতিল করেছিল নির্বাচন কমিশন।










































